পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তার ও শম্ভুপুর ঘাটের দখলকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে পিস্তলের গুলিতে বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ও প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেড়া পৌরসভার অন্তর্গত হাতীগাড়া ও শম্ভুপুর এলাকার বাসিন্দাদের মধ্যে আধিপত্য বিস্তার এবং শম্ভুপুর ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে আজ মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার শম্ভুপুর ও ডাকবাংলা বাজার এলাকায় উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালীন বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। দুই গ্রামের শত শত মানুষ লাঠিসোঁটা, ফালা ও আগ্নেয়াস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং আতঙ্কের সৃষ্টি হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে আজাহার বেপারীর ছেলে লালু গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
বর্তমানে পরিস্থিতি থমথমে থাকায় এবং পুনরায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের অনুরোধে সেনাবাহিনীও টহল দিচ্ছে।

