আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশের যশোর ও খুলনা অঞ্চলকে ভারতের অংশ করতে এ দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বুধবার (২৫ মার্চ) কলকাতায় বিজেপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই চরম বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য করেন।
কলকাতায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে শমীক ভট্টাচার্যের পাশে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি বাংলাদেশের সীমান্ত সংলগ্ন জেলাগুলো নিয়ে আক্রমণাত্মক বক্তব্য রাখেন শমীক।
সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গ সরকারকে উদ্দেশ্য করে শমীক ভট্টাচার্য বলেন, “আমরা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় বা তার বি-টিম হুমায়ুন কবীররা যতই চেষ্টা করুক, বাবরি মসজিদ আমরা বানাতে দেব না।”
একই সাথে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্য করে তিনি উস্কানিমূলক আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশি হিন্দুরা বাংলাদেশ ভেঙে জমি নিয়ে ভারতে আসুন। যশোর, খুলনাকে ভারতে শামিল করুন।”
বিজেপি নেতার এমন মন্তব্যে দুই দেশের কূটনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ড নিয়ে এ ধরনের প্রকাশ্য দাবি আন্তর্জাতিক শিষ্টাচারের পরিপন্থী হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল ও বিজেপির মধ্যকার চলমান উত্তেজনার মধ্যেই এমন মন্তব্য এল। শমীকের এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দুই বাংলার নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই একে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পায়তারা এবং বাংলাদেশের অখণ্ডতার ওপর আঘাত হিসেবে দেখছেন।
এখন পর্যন্ত এই মন্তব্যের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

