চট্টগ্রাম ব্যুরোঃ মহান স্বাধীনতা দিবসের ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী আন্তঃনগর ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের পাওয়ার কার (ইঞ্জিন সংশ্লিষ্ট অংশ) ও একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার ফৌজদারহাট বিএমএ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ফৌজদারহাট অতিক্রম করার সময় হঠাৎ পাওয়ার কার থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের একটি এসি বগিতে ছড়িয়ে পড়ে। ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে তাড়াহুড়ো করে ট্রেন থেকে নেমে পড়েন। তবে বড় ধরনের কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, কুমিরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “চট্টলা এক্সপ্রেসের পাওয়ার কার এবং এর পাশের শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগুন ছড়িয়ে পড়েছিল। খবর পাওয়ার সাথে সাথেই আমাদের ইউনিটগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
অগ্নিকাণ্ডের ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। রেলওয়ে কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত বগি ও পাওয়ার কারটি সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হতে পারে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।

