নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের নড়াগাতী থানার উত্তর মহাজন গ্রামে ১০ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আসাদ (৪৮) নামে এক ব্যক্তিকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বুধবার (২৫ মার্চ) দুপুরে এই জঘন্য ঘটনা ঘটে। অভিযুক্ত আসাদ ওই গ্রামেরই বাসিন্দা এবং চার সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী কিশোরীর বাবা-মা বাড়িতে ছিলেন না। এই সুযোগে প্রতিবেশী লম্পট আসাদ মেয়েটির ঘরে ঢুকে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে কিশোরীটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা অভিযুক্ত আসাদকে ঘর থেকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন।
ঘটনা জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত আসাদকে গাছের সাথে বেঁধে গণপিটুনি দেয়। খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আসাদকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। গণপিটুনিতে গুরুতর আহত হওয়ায় পুলিশ তাকে চিকিৎসার জন্য কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, “মেয়েটির বাবা-মা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে আসাদ এই জঘন্য অপরাধটি ঘটিয়েছে। খবর পাওয়া মাত্রই আমরা অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নিয়েছি। বর্তমানে তাকে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।”
অন্যদিকে, গুরুতর অসুস্থ ও আতঙ্কগ্রস্ত কিশোরীটিকে উন্নত চিকিৎসার জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

