আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার পারদ আরও চড়িয়ে ইরানের দুটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই হামলার খবর নিশ্চিত করে জানিয়েছে, স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা অটুট রয়েছে এবং পরিবেশ বা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয়নি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) তাদের টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত ‘খোন্দাব হেভি ওয়াটার কমপ্লেক্সে’ মার্কিন ও ইসরায়েলি বাহিনী যৌথভাবে হামলা চালিয়েছে। মারকাজি প্রদেশের একজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে সংস্থাটি জানায়, এই আক্রমণ সত্ত্বেও এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি এবং স্থাপনাটির মূল কাঠামো সুরক্ষিত আছে।
এদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, দ্বিতীয় দফা হামলার লক্ষ্যবস্তু ছিল ইয়াজদ প্রদেশের আরদাকানে অবস্থিত ‘ইয়েলোকেক প্রোডাকশন’ বা ইউরেনিয়াম প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। কর্তৃপক্ষ আশ্বস্ত করে জানিয়েছে, হামলার পর ওই এলাকার বাইরে কোনো প্রকার তেজস্ক্রিয় বিকিরণ ঘটেনি। বিশেষজ্ঞরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই হামলার পর পারমাণবিক নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হলেও ইরান দাবি করছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) বা অন্য কোনো নিরপেক্ষ পক্ষ থেকে এখনো এই হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের ছায়া যুদ্ধ এখন সরাসরি সংঘাতে রূপ নেওয়ায় ওই অঞ্চলের ভূ-রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

