আব্দুল লতিফঃ টাঙ্গাইলের কালিহাতীতে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শিশু ও নারীসহ একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার দশকিয়া ইউনিয়নের ধলাটেংগর এলাকায় যমুনা সেতু-ঢাকা রেলপথে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ধলাটেংগর ৭ নম্বর সেতুর কাছে পৌঁছালে হঠাৎ জ্বালানি তেল শেষ হয়ে যায়। বাসটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে পড়লে ভেতরে থাকা যাত্রীরা ক্লান্ত হয়ে নিচে নেমে আসেন। এ সময় একই পরিবারের পাঁচ সদস্য অন্ধকার রাতে রেললাইনের ওপর বসে বিশ্রাম নিচ্ছিলেন।
রাত ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় লাইনে বসে থাকা ৫ জনই ট্রেনের নিচে কাটা পড়েন। অন্ধকারে ট্রেনের শব্দ টের না পাওয়ায় তারা সরে যাওয়ার সুযোগ পাননি বলে ধারণা করা হচ্ছে।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম ও টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে রয়েছেন ২ জন পুরুষ, ২ জন নারী, ১ জন শিশু
পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। তবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, তারা সবাই একই পরিবারের সদস্য এবং বাসের যাত্রী ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ শুরু করে। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মরদেহগুলো ময়নাতদন্ত ও শনাক্তকরণের প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করছে।

