ঝিনাইদহ প্রতিনিধি-: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খড়িবাড়িয়া গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও চারজন। শনিবার দুপুরে পেঁয়াজের ক্ষেতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই অপু বিশ্বাস (২০) ও সুশীল বিশ্বাস (৪০) মারা যান। আহতদের মধ্যে রণজিৎ বিশ্বাস ও প্রকাশ বিশ্বাসসহ চারজনকে দ্রুত উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, আহতদের শরীর আংশিকভাবে দগ্ধ হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

