জয়নাল আবেদীনঃ প্রতিবছরের ন্যায় এবারও রংপুওে ঐতিহাসিক ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শনিবার ২৮শে মার্চ সকালের শুরুতে রংপুর নগরীর নিসবেত গঞ্জে ‘রক্ত গৌরব’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুল মোতালেব সরকার।এরপর পর্যায়ক্রমে রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন, রংপুর সদও উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মিয়া ও সদস্য-সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সাত্তারসহ বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।উল্লেখ্য মহান মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ২৮ মার্চ সাধারন জনগণ বাঁশের লাঠি ও তীর-ধনুক হাতে নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করেন। পাকিস্তানি বাহিনীর নির্মম নির্যাতন ও হত্যা কান্ডের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করে। সে সময় পাকিস্তানি সেনাবাহিনী ক্যান্টনমেন্ট ঘেরাও কারীদের উপওে নির্বিচারে গুলি চালালে শতশত মানুষ শহিদ হন।

