আজকের ডেস্কঃ দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ মজুতদারদের দৌরাত্ম্য থামাতে কঠোর অবস্থানে সরকার। জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে তথ্যদাতাকে সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিশেষ পুরস্কারের কথা জানানো হয়।
বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করে উচ্চমূল্যে জ্বালানি তেল আমদানি করে সরকার। এই আমদানিকৃত তেলের সুষম ব্যবহার নিশ্চিত করতে এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের রুখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিক এই সম্মানী সাধারণ নাগরিক থেকে শুরু করে যেকোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার জন্য উন্মুক্ত থাকবে।
পুরস্কার ঘোষণার পাশাপাশি তথ্য প্রদানকারীর নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় তথ্য প্রদানকারীর যাবতীয় পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। জেলা প্রশাসক (ডিসি) তথ্যদাতার পুরস্কারের অর্থ প্রাপ্তি নিশ্চিত করবেন। তথ্য সঠিক প্রমাণিত হওয়া সাপেক্ষে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত সম্মানী প্রদান করা হবে।
মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জ্বালানি সংক্রান্ত অনিয়ম রোধে দেশজুড়ে চিরুনি অভিযান চালানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের খতিয়ান নিচে দেওয়া হলো:
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ম্যাজিস্ট্রেটরা বর্তমানে মাঠ পর্যায়ে অবস্থান করছেন এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আপনার আশেপাশে জ্বালানি তেলের অবৈধ মজুত বা পাচারের কোনো ঘটনা ঘটলে নিকটস্থ জেলা প্রশাসন বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করুন এবং দেশের সম্পদ রক্ষায় ভূমিকা রাখুন।

