বাংলাদেশ প্রতিবেদকঃ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সূচিত হলো এক ঐতিহাসিক অধ্যায়। খেলাধুলাকে কেবল বিনোদন নয়, বরং একটি সম্মানজনক পেশা ও নিশ্চিত জীবিকার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার। এখন থেকে জাতীয় পর্যায়ের শীর্ষ ক্রীড়াবিদরা সরাসরি সরকারি বেতন কাঠামোর আওতায় আসছেন।
সোমবার (৩০ মার্চ) সকালে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ‘ক্রীড়া ভাতা’ ও ‘ক্রীড়া কার্ড’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানের প্রথম ধাপে দেশের ১২৯ জন কৃতি ক্রীড়াবিদকে বিশেষ ‘ক্রীড়া কার্ড’ প্রদান করা হয়। এই কার্ডধারী প্রত্যেক খেলোয়াড় মাসিক ১ লাখ টাকা করে বেতন সুবিধা পাবেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী, দ্রুতই এই তালিকার পরিধি বাড়িয়ে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে এই কাঠামোর আওতায় আনা হবে।
তবে এই সুবিধা ধরে রাখতে খেলোয়াড়দের থাকতে হবে কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে। জানানো হয়েছে প্রতি চার মাস অন্তর খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। সন্তোষজনক পারফরম্যান্স বজায় থাকলেই কেবল বেতন সুবিধা অব্যাহত থাকবে। পারফরম্যান্সে ঘাটতি দেখা দিলে তালিকা থেকে বাদ পড়ার নিয়ম রাখা হয়েছে, যাতে সুস্থ প্রতিযোগিতা বজায় থাকে।
২০২৫ সালে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য গাঁথা রচনা করা ক্রীড়াবিদদের মধ্য থেকেই এই প্রথম তালিকাটি তৈরি করা হয়েছে। এতে আর্চারি, বক্সিং, সাঁতার, অ্যাথলেটিক্স, কারাতে ও কাবাডির পাশাপাশি যোগা, জিমন্যাস্টিকস, সেপাক টাকরো এবং ফুটসালের মতো উদীয়মান ডিসিপ্লিনগুলোকেও গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ নজর দেওয়া হয়েছে প্যারা-অ্যাথলেটদের প্রতি, যারা শারীরিক সীমাবদ্ধতা জয় করে বিদেশের মাটিতে দেশের পতাকা উড়িয়েছেন।
ক্রীড়া ভাতার পাশাপাশি তৃণমূল থেকে নতুন প্রতিভা অন্বেষণে প্রধানমন্ত্রী এক নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। তিনি জানান, বিটিভির জনপ্রিয় প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’-র আদলে এবার শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে দেশব্যাপী এই কার্যক্রমের যাত্রা শুরু হবে।
সোমবার (৩০ মার্চ) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ক্রীড়াভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন এবং আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ক্রীড়া কার্ড ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
“আমরা ২০২৬ সালের নির্বাচনের আগে ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, ক্ষমতায় গেলে ক্রীড়াকে একটি স্বীকৃত পেশা হিসেবে প্রতিষ্ঠিত করবো। আজকের এই উদ্যোগ সেই প্রতিশ্রুতি বাস্তবায়নেরই একটি অংশ। আমাদের অ্যাথলেটরা বিশ্বমঞ্চে দেশের মর্যাদা বৃদ্ধি করছেন, তাদের জীবনযাত্রার মান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”
তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না এবং এই বেতন কাঠামো খেলোয়াড়দের নিরবচ্ছিন্নভাবে অনুশীলনে মনোনিবেশ করতে সাহায্য করবে।
সরকারের এই উদ্যোগকে দেশের ক্রীড়া বিশ্লেষকরা ‘গেম চেঞ্জার’ হিসেবে অভিহিত করছেন। এর ফলে তরুণ প্রজন্ম খেলাধুলাকে ক্যারিয়ার হিসেবে নিতে আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে।

