আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক দাবার বোর্ডে এখন টানটান উত্তেজনা। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের হুমকির মুখে ইরানকে রক্ষায় সরাসরি ঢাল হয়ে দাঁড়িয়েছে চীন। বেইজিংয়ের এই নজিরবিহীন কড়া অবস্থানকে ওয়াশিংটনের প্রতি একটি সরাসরি “রেড হট ওয়ার্নিং” বা চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
চীনের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাডমিরাল ডং জুন এক বিশেষ কূটনৈতিক বার্তায় স্পষ্ট করে দিয়েছেন যে, হরমুজ প্রণালীতে চীনের নৌ ও বাণিজ্যিক জাহাজগুলো কোনো বাধা ছাড়াই চলাচল করবে। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, “চীন তার জ্বালানি নিরাপত্তা ও বাণিজ্যিক স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের সাথে সম্পাদিত জ্বালানি চুক্তি বাস্তবায়নে বেইজিং কোনো তৃতীয় শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না।”
বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই রুট দিয়ে পরিবাহিত হয়। চীনের ক্রমবর্ধমান অর্থনীতির জন্য এই জলপথটি এতটাই গুরুত্বপূর্ণ যে, একে তারা কোনো একক দেশের (যুক্তরাষ্ট্র) প্রভাবাধীন হতে দিতে নারাজ।
তপ্ত এই পরিস্থিতির মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি। সিএনএন-এর এক রিপোর্টে বলা হয়েছে, চীন সম্ভবত ইরানকে অত্যাধুনিক ‘এয়ার ডিফেন্স সিস্টেম’ বা বিমান বিধ্বংসী ব্যবস্থা সরবরাহ করছে। বিশেষ করে কাঁধে রেখে নিক্ষেপণযোগ্য ‘ম্যানপ্যাডস’ ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করা হয়েছে, যা নিচু দিয়ে ওড়া মার্কিন যুদ্ধবিমানের জন্য যমদূত হয়ে উঠতে পারে।
সম্প্রতি ইরানের আকাশসীমায় একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর এই সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, বিমানটি একটি তাপ শনাক্তকারী (হিট-সিকিং) মিসাইলের আঘাতে বিধ্বস্ত হয়েছে। যদিও ওয়াশিংটনে চীনা দূতাবাস এই অস্ত্র সরবরাহের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ইরানকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে একটি নতুন শক্তিশালী মেরুকরণ তৈরি হয়েছে। ইউক্রেন যুদ্ধে ড্রোন সরবরাহ করে মস্কোকে সাহায্য করছে তেহরান। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের তেলের প্রধান ক্রেতা এখন চীন। মধ্যপ্রাচ্যে মার্কিন একাধিপত্য খর্ব করা এবং একটি বহুমুখী বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা।
ইসলামাবাদের পরবর্তী আলোচনা ব্যর্থ হলে পরিস্থিতি কোন দিকে যাবে, তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কঠোর ‘অবরোধ নীতি’র বিপরীতে চীনের এই ‘সক্রিয় প্রতিরোধ’ মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয়ঙ্কারী যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। হরমুজ প্রণালী এখন আর কেবল একটি নৌপথ নয়, এটি এখন পরাশক্তিদের ইগো আর অস্তিত্ব রক্ষার প্রধান রণক্ষেত্রে পরিণত হয়েছে।
আগামী কয়েক দিনের কূটনৈতিক তৎপরতাই বলে দেবে—বিশ্ব কি বিশ্বযুদ্ধের কালো মেঘ দেখবে, না কি আলোচনার টেবিলে মিলবে সমাধান।

