দেবিদ্বারে বিএনপির কোন্দল চরম তুঙ্গে: সমাবেশ ঘিরে সংঘর্ষ, এমপির গাড়িবহরে হামলা ও ভাঙচুর

0
দেবিদ্বারে বিএনপির কোন্দল চরম তুঙ্গে: সমাবেশ ঘিরে সংঘর্ষ, এমপির গাড়িবহরে হামলা ও ভাঙচুর

কুমিল্লা প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কর্মসূচি দেওয়াকে কেন্দ্র করে কুমিল্লার দেবিদ্বারে বিএনপি ও অঙ্গসংগঠনের অভ্যন্তরীণ কোন্দল ও গ্রুপিং চরম রূপ নিয়েছে। কর্মসূচির দিন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম আজাদকে পদ থেকে অব্যাহতি দেওয়ার পরদিন রবিবার (৮ নভেম্বর) সদরে দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, মহড়া এবং মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) রাশেদা বেগম হীরার গাড়িবহরে হামলা ও তার সঙ্গে থাকা কেন্দ্রীয় নেতার গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেবিদ্বার উপজেলা বিএনপির অনুমোদিত কমিটির আহ্বায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে নিউমার্কেট চত্বরে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা এবং প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম।

অন্যদিকে, দলটির বহিষ্কৃত সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে প্রধান অতিথি করে দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে পৃথক সমাবেশ করে অন্য অংশটি। এর নেতৃত্বে ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী ও সাবেক সদস্য সচিব এএফএম তারেক মুন্সী।

দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে দিনভর উপজেলা সদরে থমথমে পরিস্থিতি ও চরম উত্তেজনা বিরাজ করে। নিউমার্কেটের সভা শেষে আহ্বায়ক জসিম উদ্দিন ও এমপি রাশেদা বেগম হীরার সমর্থকদের একটি মিছিল উপজেলা পরিষদ চত্বরের দিকে যায়। অপরদিকে রেয়াজউদ্দিন স্কুলের সমাবেশ শেষে তারেক মুন্সীর নেতৃত্বাধীন মিছিলটিও একই দিকে এগোলে কালাচাঁন মার্কেট ও পশু হাসপাতাল গেট এলাকায় দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়।

উত্তেজনার একপর্যায়ে এমপি হীরার বহর লক্ষ্য করে আপত্তিকর স্লোগান দেওয়া হয় এবং হামলা চালানো হয়। হামলাকারীরা বহরে থাকা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য এমএ আউয়াল খানের গাড়ির গ্লাস ভাঙচুর করে। পরে পুলিশ ও স্থানীয় নেতাদের হস্তক্ষেপে অবরুদ্ধ পরিস্থিতি থেকে এমপি হীরাসহ নেতাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

এমএ আউয়াল খান বলেন, “আমরা কর্মসূচি শেষে ফেরার পথে কালাচাঁন মার্কেটের সামনে প্রতিপক্ষের মুখোমুখি হই। তারা দলীয় জ্যেষ্ঠ নেতাদের নামে আপত্তিকর স্লোগান দিলে আমাদের নেতাকর্মীরা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা হামলা চালায় এবং এএফএম তারেক মুন্সীর প্রত্যক্ষ নেতৃত্বে আমার গাড়ি ভাঙচুর করা হয়।”

সংসদ সদস্য রাশেদা বেগম হীরা বলেন, “আমরা দলীয় অনুমোদিত কর্মসূচিতে এসেছিলাম। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দলীয় ফোরামে আলোচনা না করে সরাসরি হামলা চালানো স্বৈরাচারী আচরণ ও আওয়ামী লীগের স্টাইলেরই প্রতিফলন। কেন্দ্রকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।”

এএফএম তারেক মুন্সী বলেন, “হামলা বা ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। আমাদের কর্মসূচি শেষে ফেরার সময় কিছু নেতাকর্মী উত্তেজিত হয়ে পড়লে আমরা নিজেরাই তাদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।”

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, দুই পক্ষের মিছিল মুখোমুখি হলে সাময়িক উত্তেজনা ও হট্টগোল তৈরি হয়। ওই সময় এমএ আউয়াল খানের গাড়ির কাচ ভাঙচুর হলেও পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে নেতাদের নিরাপদে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।