বগুড়া প্রতিনিধিঃ বগুড়াবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হতে চলেছে। দেশের বৃহত্তম পৌরসভা থেকে এটি এখন উন্নীত হচ্ছে দেশের ১৩তম সিটি করপোরেশনে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে নিজ জেলা বগুড়ায় এটিই তাঁর প্রথম সফর। এই সফরকে কেন্দ্র করে বগুড়াজুড়ে এখন উৎসবের আমেজ।
প্রধানমন্ত্রী কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, সোমবার সকালে সড়কপথে রাজধানী ঢাকা থেকে বগুড়ার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। দিনভর তাঁর কর্মসূচিতে থাকছে উন্নয়ন কর্মকাণ্ডের এক বিশাল কর্মযজ্ঞ: দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা ঘুচিয়ে পরিকল্পিত ও নান্দনিক শহর গড়ার লক্ষ্যে এই নতুন সিটি করপোরেশনের যাত্রা শুরু। জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন ও ডিজিটাল ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধন। গাবতলীর বাগবাড়ীতে ‘জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে’ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এবং ফ্যামিলি কার্ড বিতরণ। বাগবাড়ী নশিপুর এলাকায় ‘চৌকিরদহ খাল খনন’ কার্যক্রমের শুভ সূচনা।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী এই পদক্ষেপকে অত্যন্ত সময়োপযোগী বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “বগুড়া পৌরসভা আয়তন ও জনসংখ্যায় সিটি করপোরেশন হওয়ার সব যৌক্তিক দাবি পূরণ করেছিল অনেক আগেই। রাজনৈতিক কারণে এতদিন নাগরিকরা বঞ্চিত থাকলেও এখন একটি পরিকল্পিত নগরায়নের সুযোগ তৈরি হলো।”
প্রধানমন্ত্রী তাঁর পৈতৃক নিবাস পরিদর্শনের পাশাপাশি বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দেবেন। এছাড়া বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধনও তাঁর সফরসূচির অন্তর্ভুক্ত।
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফর কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়াকে একটি আধুনিক মহানগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার।

