তাড়াশে মসজিদের মাছ নিয়ে রক্তক্ষয়ী রণক্ষেত্র: নারীসহ আহত ১৮, গ্রামজুড়ে পুলিশি পাহারা

0
তাড়াশে মসজিদের মাছ নিয়ে রক্তক্ষয়ী রণক্ষেত্র: নারীসহ আহত ১৮, গ্রামজুড়ে পুলিশি পাহারা

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মসজিদের পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ও তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামে দেশীয় অস্ত্রের এই লড়াইয়ে নারীসহ অন্তত ১৮ জন রক্তাক্ত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার নেপথ্যে রয়েছে গাবরগাড়ী জামে মসজিদের পুকুরের স্বত্ব ও মাছ বিক্রির অর্থ। অভিযোগ উঠেছে, গত শুক্রবার এনামুল ও রাজ্জাক নামের দুই ব্যক্তির অনুসারীরা গায়ের জোরে মসজিদের পুকুর থেকে মাছ তুলে নিয়ে যায়।

এই ঘটনার প্রতিবাদে রোববার দুপুরে মসজিদ কমিটির পক্ষ থেকে একটি মানববন্ধন কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে কর্মসূচি শুরু হওয়ার আগেই এনামুল ও রাজ্জাকের পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মসজিদ কমিটির ওপর ঝাঁপিয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুপক্ষ পাল্টাপাল্টি ধাওয়ায় জড়ালে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

মসজিদ কমিটির সভাপতি মো. আলতাফ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা পুকুরে মাছ চাষ করে সেই টাকা মসজিদের উন্নয়নের কাজে ব্যয় করি। কিন্তু এনামুল ও রাজ্জাকের লোকজন জোর করে মাছ বিক্রি করে টাকা আত্মসাৎ করেছে। এর প্রতিবাদ করতে গেলে তারা আমাদের ওপর নৃশংস হামলা চালায়।”

অন্যদিকে, অভিযুক্ত আব্দুর রাজ্জাক হামলার বিষয়টি সরাসরি স্বীকার না করে মুঠোফোনে জানান, তিনি বর্তমানে আহতদের চিকিৎসা নিয়ে ব্যস্ত আছেন এবং পরে এ বিষয়ে কথা বলবেন।

সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তাড়াশ থানা পুলিশ। ওসি মো. হাবিবুর রহমান জানান, পুলিশি হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে বিশৃঙ্খলা এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় ও উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মসজিদের সম্পদ নিয়ে সৃষ্ট এই গ্রাম্য কলহে সাধারণ মানুষের মধ্যে তীব্র নিন্দা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।