জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলা যুবদলের নেতা মোস্তাফিজুল হক আদনানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখা।
মঙ্গলবার (২০ আগস্ট ) জেলা জামায়াতের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার ভোর ৫ টায় জয়পুরহাট জেলা যুবদলের সদস্য সচিব মোস্তাফিজুল হক আদনান এর ভেরিফাইড ফেইসবুক আইডি “Moktadul Haque Adnan” থেকে “জয়পুরহাটে আওয়ামীলীগ এর প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জয়পুরহাট জেলা শাখার আমীর এবং জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ ফজলুর রহমান সাঈদ সম্পর্কে যে পোস্ট প্রদান করেছেন তা কুরুচিপূর্ণ, দায়িত্বজ্ঞানহীন এবং রাজনৈতিক শালীনতার পরিপন্থী।

জেলা জামায়াতের পক্ষ থেকে উক্ত বক্তব্যের প্রতি গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। এ ধরনের বক্তব্য গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা হিসেবে বিবেচিত।
রাজনৈতিক অঙ্গনে শালীনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দায়িত্বশীল আচরণ বজায় রাখা সকলের কর্তব্য। ভিত্তিহীন ও উসকানিমূলক পোস্ট দিয়ে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
আমরা মোস্তাফিজুল হক আদনানকে তার পোস্ট প্রত্যাহার করে জনসমক্ষে দুঃখ প্রকাশ করার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে সংশ্লিষ্ট সকল মহলকে এ ধরনের বক্তব্য পরিহার করে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ করছি।
জয়পুরহাট জেলা জামায়াত সর্বদা শান্তিপূর্ণ ও গঠনমূলক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ।

