মহিপুরে জেলেকে কুপিয়ে জখমের অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

0
মহিপুরে জেলেকে কুপিয়ে জখমের অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

কলাপাড়া প্রতিবেদক: পটুয়াখালীর মহিপুরে এক জেলেকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে সন্ত্রাসী অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সোমবার (২০ এপ্রিল) শেষ বিকেলে মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের চর ধুলাসার গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জেলে মিজান হাওলাদারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার চাচাতো ভাই রাজিব হাওলাদার। বক্তব্যে অভিযোগ করা হয়, গত ১৪ এপ্রিল সকাল ১০টার দিকে মদ্যপানে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। সন্ত্রাসী আব্বাস গাজীর নেতৃত্বে ছিদ্দিক ও জাবেদ গাজীসহ ২০/২৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা চালায়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা বাড়ির উঠানে থাকা মিজান হাওলাদারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এসময় তার বাবা শাহ আলম হাওলাদারকে বেধড়ক মারধর করে হাত ভেঙে দেয়। তাদের রক্ষা করতে এগিয়ে এলে মেশকাত, লিমন ও বসারসহ আরও কয়েকজন আহত হন। গুরুতর আহত মিজান হাওলাদার বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তারা আরো জানান, ঘটনার পর থেকে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

অভিযুক্ত আব্বাস গাজী বলেন, এ সকল অভিযোগ অস্বীকার করে বলেন ওরা যা বলে এসব মিথ্যে।

এ ঘটনায় মিজানের বাবা শাহ আলম হাওলাদার বলেন, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে পিবিআই-এর তদন্তাধীন রয়েছে।