জ্বালানি ও ভোজ্য তেল বেশি দামে বিক্রি: র‌্যাবের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

0
জ্বালানি ও ভোজ্য তেল বেশি দামে বিক্রি: র‌্যাবের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাদুরা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি ও ভোজ্য তেল বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‌্যাব।

আজ মঙ্গলবার র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করেন তারা।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাদুরা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪০ ধারা লঙ্ঘনের অপরাধে ২ প্রতিষ্ঠানকে পৃথকভাবে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তারা জানান, অসাধু ব্যবসায়ীরা মজুতদারি ও অতিরিক্ত দামে বিক্রির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছিল। এ ধরনের অনিয়ম প্রতিরোধে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।