পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষা, ৭৭ কেন্দ্রে অংশ নিচ্ছে ২৫ হাজারেরও বেশি শিক্ষার্থী

0
পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষা, ৭৭ কেন্দ্রে অংশ নিচ্ছে ২৫ হাজারেরও বেশি শিক্ষার্থী

পটুয়াখালী প্রতিনিধি: সারা দেশের মতো পটুয়াখালীতেও শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলার ৭৭টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়।

এবার জেলায় মোট ২৫ হাজার ২৩০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। সকাল থেকেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় লক্ষ্য করা গেছে।

পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষার্থীদের কঠোর তল্লাশির মাধ্যমে কেন্দ্রে প্রবেশ করানো হয়। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

এছাড়া, সার্বিক পরিস্থিতি তদারকিতে বিভিন্ন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতি দেখা গেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।