সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু

0
সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীর পাকশী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে জেসমিন আক্তার রিতু (১৮) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জেসমিন আক্তার রিতু উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি গ্রামের মো. জাহিদুল ইসলামের মেয়ে। তিনি দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশায় যাত্রাকালে হঠাৎ তার ওড়না গাড়ির চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তিনি ভারসাম্য হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, দুর্ঘটনাটি পাকশী এলাকায় ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে, সিএনজিতে থাকা অবস্থায় ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।