দেশে ভয়াবহ হচ্ছে হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৭

0
দেশে ভয়াবহ হচ্ছে হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৭

বাংলাদেশ প্রতিবেদকঃ দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৮৭ জন শিশু। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত মৃত ১১ শিশুর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রাম বিভাগ ৫ জন (সর্বোচ্চ), ঢাকা বিভাগ ৩ জন, সিলেট বিভাগ ২ জন, রাজশাহী বিভাগ ১ জন

গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুর যে পরিসংখ্যান পাওয়া গেছে মোট সন্দেহভাজন রোগী ৩০,৬০৭ জন , নিশ্চিতভাবে হামে আক্রান্ত ৪,৪৬০ জন , হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগী ২০,৪৭৫ জন , চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭,০৮১ জন

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ জন। তবে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও ২০৯ জন শিশু। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫১ জনে।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানাচ্ছেন, শিশুদের মধ্যে দ্রুত এই সংক্রমণ ছড়িয়ে পড়ছে। বিশেষ করে চট্টগ্রাম ও ঢাকা বিভাগে সংক্রমণের হার সবচেয়ে বেশি।

যদি কোনো শিশুর শরীরে তীব্র জ্বর, সর্দি, কাশি এবং চামড়ায় লালচে দানা বা র‍্যাশ দেখা দেয়, তবে বিলম্ব না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল এবং নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় থাকা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।