যুবসমাজ রক্ষায় ‘মাস্টারপ্ল্যান’: ৩০ এপ্রিলের পর দেশজুড়ে সাঁড়াশি অভিযান

0
যুবসমাজ রক্ষায় ‘মাস্টারপ্ল্যান’: ৩০ এপ্রিলের পর দেশজুড়ে সাঁড়াশি অভিযান

বাংলাদেশ প্রতিবেদকঃ নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোরতম অবস্থানে যাচ্ছে সরকার। আগামী ৩০ এপ্রিল সংসদের অধিবেশন শেষ হওয়ার পরপরই সারাদেশে শুরু হচ্ছে এক বিশাল সুসমন্বিত অভিযান। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিশের জবাবে এই ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক নোটিশের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর গুলশান, বনানী ও ধানমন্ডির মতো অভিজাত এলাকায় রেস্টুরেন্টের আড়ালে চলা অবৈধ সিসা বারগুলো আর বরদাস্ত করা হবে না।

তিনি স্পষ্ট করে বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়ায় যে মাদক নেটওয়ার্ক গড়ে উঠেছিল, তা উপড়ে ফেলা হবে। মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সরকার কোনো আপস করবে না। যদি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে এই অবৈধ ব্যবসায় মদদ দেওয়ার প্রমাণ মেলে, তবে তাকে তাৎক্ষণিক কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সিসা লাউঞ্জ মালিকরা ৫টি রিট পিটিশন দাখিল করে ব্যবসা টিকিয়ে রাখার চেষ্টা করলেও, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আপিলের প্রেক্ষিতে উচ্চ আদালত অন্তর্বর্তী আদেশ বাতিল (Vacate) করে দিয়েছেন। ফলে এখন এসব অবৈধ ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর কোনো আইনি বাধা নেই।

“এ দেশের যুবসমাজকে রক্ষা করতে আমাদের এই অভিযানের কোনো বিকল্প নেই।” — সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী

তরুণ প্রজন্মকে অর্থনৈতিক ও নৈতিক বিপর্যয় থেকে রক্ষা করা। ঠিকানা পরিবর্তন করে বা নাম বদলে অবৈধ সিসা বার চালানো ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাধ্যমে অবৈধ প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করে স্থায়ীভাবে বন্ধ করা।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, ১৬ ও ২০ এপ্রিল ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। ৩০ এপ্রিলের পর এই অভিযানকে তৃণমূল পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

এদিকে, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর কতজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, জয়নুল আবদিন ফারুকের এমন সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পরবর্তী নোটিশের মাধ্যমে তিনি নির্দিষ্ট পরিসংখ্যান সংসদকে অবহিত করবেন।