বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানী ঢাকার উপকণ্ঠ দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদসহ এক নারী ও চার পুরুষকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। গত মঙ্গলবার রাতে পরিচালিত এই অভিযানে মোট ৬৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— মো. আলমগীর হোসেন (৫০), মো. সজিব (২৭), আশা আক্তার ঝর্ণা (২০), মো. অপু বেপারী (২৪), মো. খোকন (৫৬)
র্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, র্যাব-১০ সদর কোম্পানির একটি চৌকস দল দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় মাদকবিরোধী ও বিশেষ অভিযানে নিয়োজিত ছিল।
অভিযান চলাকালীন গোপন সংবাদ আসে যে, শুভাঢ্যা ইউনিয়নের পারগেন্ডারিয়া এলাকায় একটি সশস্ত্র দল আত্মগোপন করে আছে। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে র্যাবের আভিযানিক দলটি ওই এলাকায় ঝটিকা অভিযান চালায় এবং হাতেনাতে পাঁচজনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৬৮ রাউন্ড তাজা গুলি এবং তাদের ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন। তাদের দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হচ্ছে। এই চক্রটি কোনো বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

