মেহেন্দিগঞ্জে ক্লাস চলাকালে ভয়াবহ বজ্রপাত: আতঙ্কে দুই স্কুলের ১৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ৫

0
মেহেন্দিগঞ্জে ক্লাস চলাকালে ভয়াবহ বজ্রপাত: আতঙ্কে দুই স্কুলের ১৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ৫

বরিশাল প্রতিনিধিঃ বরিশালের মেহেন্দিগঞ্জে ক্লাস চলাকালীন বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাতের বিকট শব্দে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ সময় বজ্রপাতের প্রচণ্ড শব্দে ও ভীতিতে উপজেলার দুটি মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়ে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার দাদপুর তেমুহনী ও পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পৃথকভাবে এই ঘটনা ঘটে।

দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণ পরই বিদ্যালয়ের ভবনের ওপর প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। এর প্রভাবে শ্রেণিকক্ষে থাকা সাতজন ছাত্রী আতঙ্কে তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেলে।

অসুস্থ শিক্ষার্থীরা হলো— অষ্টম শ্রেণির ফাতেমা বেগম দোলা, আমেনা আক্তার, সুমাইয়া ও মীম আক্তার; সপ্তম শ্রেণির জান্নাত; নবম শ্রেণির আফরোজা আক্তার ও সুমাইয়া আক্তার। তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে দুইজন বাড়ি ফিরলেও পাঁচজন এখনো চিকিৎসাধীন রয়েছে।

একই সময়ে উপজেলার পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে বজ্রপাত হলে সেখানেও আটজন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজামুল হক জানান, আক্রান্ত শিক্ষার্থীদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তারা সুস্থ হয়ে ওঠে। পরবর্তীতে তাদের অভিভাবকদের ডেকে নিজ নিজ জিম্মায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইমরানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “মূলত বজ্রপাতের বিকট শব্দে শিক্ষার্থীরা মানসিকভাবে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েছিল। হাসপাতালে ভর্তি হওয়া ৫ শিক্ষার্থীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।”

আকস্মিক এই ঘটনায় দুই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।