বরিশাল প্রতিনিধিঃ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় অসংলগ্ন ও অশোভন আচরণের অভিযোগে দুই তরুণীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে তাদের হেফাজতে নেওয়া হয়।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, ২৭ বছর বয়সী এক তরুণী অসুস্থ হয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন। তার দেখাশোনা করার জন্য ২০ বছর বয়সী অপর এক তরুণী হাসপাতালে অবস্থান করছিলেন। তবে ওয়ার্ডে অবস্থানকালে তাদের দুজনের আচরণ অন্য রোগী ও স্বজনদের কাছে অস্বাভাবিক এবং দৃষ্টিকটু মনে হয়। বিষয়টি কর্তব্যরত আনসার সদস্যদের নজরে এলে তারা হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন।
পরবর্তীতে চিকিৎসাধীন ওই তরুণীর মা এসে তাদের বিরুদ্ধে মৌখিক অভিযোগ দায়ের করলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক দুই তরুণীর পরিচয় হয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে। ভার্চুয়াল এই পরিচয় থেকে পরবর্তীতে তাদের মধ্যে গভীর ব্যক্তিগত ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। চিকিৎসাধীন ২৭ বছর বয়সী ওই তরুণী বিবাহিত এবং তার একটি সন্তানও রয়েছে। তাদের এই বিশেষ সম্পর্ক নিয়ে পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ও জটিলতা চলছিল বলে জানা গেছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, হাসপাতালের অভিযোগের ভিত্তিতে ওই দুই তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন।
ওসি আরও যোগ করেন, “যেহেতু পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধের মামলা দেওয়া হয়নি, তাই সাধারণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের আদালতে পাঠানো হয়েছে। আদালতই তাদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা বা সিদ্ধান্ত গ্রহণ করবেন।”
হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় অন্য রোগী ও সাধারণ মানুষের মধ্যে বেশ কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।

