লোকমান হোসাইন,কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা প্রবল বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষি ফসলের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে প্রায় ৪ ঘণ্টার বজ্রসহ বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বোরো ধানসহ শশা, চালকুমড়া, করলা, মিষ্টি আলু, বাদাম ও বিভিন্ন ধরনের শাক-সবজির ক্ষেত। এতে কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
উপজেলার একাধিক ক্ষতিগ্রস্ত কৃষক জানান, আকস্মিক এ দুর্যোগে তাদের চলতি মৌসুমের অধিকাংশ ফসল নষ্ট হয়ে গেছে। কুলিয়ারচরের কৃষক জাকির হোসেন বলেন, “আমি ৪ একর জমিতে শশার আবাদ করেছিলাম। শুধু মালচিং বাবদই প্রায় ২ লাখ টাকা খরচ হয়েছে। এখন সব পানির নিচে, পুরো ক্ষতির মুখে পড়েছি।”
এদিকে পেঁপে চাষিরাও চরম বিপাকে পড়েছেন। টানা বৃষ্টির কারণে পেঁপে গাছ ভেঙে পড়ছে এবং গাছ টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। বুধবারও মুষলধারে বৃষ্টি অব্যাহত থাকায় ক্ষতির পরিমাণ আরও বাড়ছে বলে জানান তারা।
এছাড়াও উপজেলার সালুয়া ইউনিয়নের মধ্য সালুয়া গ্রামের মরহুম ইদ্রিস ম্যানেজারের বাড়ির পাশে প্রায় ৫০-৬০টি পরিবার বৃষ্টির পানিতে গৃহবন্দী হয়ে পড়েছে, ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
অন্যদিকে আলগীরচরের কৃষক বিল্লাল মিয়া বলেন, “প্রতিবছর এমন জলাবদ্ধতার কারণে আমাদের ক্ষতি হয়। সরকার যদি ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনঃখননের ব্যবস্থা করে, তাহলে আমরা কিছুটা হলেও এই দুর্ভোগ থেকে রেহাই পেতে পারি।”
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের সঙ্গে সংযুক্ত আলগীরচর দশকাহুনিয়া এলাকার ভরাট হয়ে যাওয়া খালটি পুনঃখননের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা। তারা ভৈরব-কুলিয়ারচর আসনের মাননীয় সংসদ সদস্য ও পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলমের কাছে দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
গ্রামের সাধারণ কৃষকদের অভিযোগ, খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। কৃষকরা জানান, খালটি পুনঃখনন করা হলে ব্রহ্মপুত্র নদের সঙ্গে পানির সংযোগ পুনঃস্থাপন হবে এবং জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে।
স্থানীয়রা আরও জানান, অপরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থা ও খাল-নদী ভরাট হয়ে যাওয়াই এ দুর্ভোগের মূল কারণ। দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করা এবং খাল পুনঃখননের দাবি জানিয়েছেন তারা।
ক্ষতিগ্রস্ত কৃষকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে ভবিষ্যতে এমন ক্ষয়ক্ষতি রোধ করা যায় এবং এলাকার কৃষি উৎপাদন ও জনজীবন স্বাভাবিক রাখা সম্ভব হয়।

