সওজের যায়গায় নির্মিত বিএনপির সব অস্থায়ী কার্যালয় উচ্ছেদের নির্দেশ

0
সওজের যায়গায় নির্মিত বিএনপির সব অস্থায়ী কার্যালয় উচ্ছেদের নির্দেশ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে গড়ে তোলা বিএনপির অস্থায়ী কার্যালয়সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু। আজ (৩ মে) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের রঙিলা বাজার এলাকায় জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণে মহাসড়ক পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশনা দেন।

পরিদর্শনের সময় সওজ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদকে উদ্দেশ্য করে সংসদ সদস্য বলেন, গাজীপুর-৩ আসনের মহাসড়কের পাশে সওজের জায়গা জবরদখল করে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করতে হবে। এতে সড়কের শৃঙ্খলা ফিরবে বলে তিনি উল্লেখ্য করেন তিনি। জলাবদ্ধতা নিরসনে মহাসড়কের পাশ দিয়ে দ্রুত একটি ড্রেন নির্মাণ করা হবে, যা তেলিহাটি ও আশপাশের এলাকার পানি নিষ্কাশনে সহায়ক হবে।

সওজের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, মাওনা রঙিলা বাজার এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মহাসড়কে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ সমস্যার সমাধানে স্থানীয় সাংসদের নির্দেশনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা সহজ হবে বলে তিনি জানান।

এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়া, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুল হাসান হান্নানসহপ্রমুখ।