হাফিজ উদ্দিন আহমদের কাছে শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ সংসদ সদস্য

0
হাফিজ উদ্দিন আহমদের কাছে শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ সংসদ সদস্য

বাংলাদেশ প্রতিবেদকঃ নতুন ইতিহাস আর নারী নেতৃত্বের অঙ্গীকার নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেছেন। রোববার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের শপথ কক্ষে আয়োজিত এক গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত থেকে নতুন নারী সংসদ সদস্যদের অভিনন্দন জানান। এ সময় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ মন্ত্রিসভার সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।

গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন নারী সংসদ সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে। প্রাপ্ত আসন সংখ্যার আনুপাতিক হারে নারী আসনগুলোর বণ্টন চিত্র: বিএনপি ও জোট: ৩৬ জন, জামায়াতে ইসলামী ও জোট: ১২ জন, স্বতন্ত্র: ১ জন (সুলতানা জেসমিন)

বিএনপি জোট থেকে নির্বাচিত উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, নিপুণ রায় চৌধুরী, হেলেন জেরিন খান এবং ফরিদা ইয়াসমিন। অন্যদিকে, জামায়াত জোট থেকে নূরুন্নিসা সিদ্দীকা, সাবিকুন্নাহার ও তাসমিয়া প্রধানসহ ১২ জন শপথ নিয়েছেন। উল্লেখ্য যে, টিআইবির তথ্য অনুযায়ী এবারের সংরক্ষিত নারী এমপিদের মধ্যে প্রায় ৬৫ শতাংশই কোটিপতি এবং সিংহভাগই উচ্চশিক্ষিত।

মোট ৫০টি আসনের মধ্যে ৪৯ জন শপথ নিলেও একটি আসনের ফলাফল ও শপথ ঝুলে রয়েছে। জামায়াত জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গতকাল শনিবার বৈধ ঘোষণা করা হলেও আইনি জটিলতা ও আপিল প্রক্রিয়ার কারণে তার নাম গেজেটে অন্তর্ভুক্ত হতে দেরি হয়। ফলে গতকালের শপথ অনুষ্ঠানে তিনি অংশ নিতে পারেননি। আইনি প্রক্রিয়া শেষ হলে পরবর্তী সময়ে তার শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত এমপিরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন সদস্যদের উদ্দেশে বলেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে এবং জাতীয় উন্নয়নে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।