প্রতিশ্রুতি পূরণের ‘নতুন যুদ্ধ’: কেআইবিতে তৃণমূল নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

0
প্রতিশ্রুতি পূরণের ‘নতুন যুদ্ধ’: কেআইবিতে তৃণমূল নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ প্রতিবেদকঃ ফ্যাসিবাদ বিদায়ের লড়াই শেষে এখন দেশ গড়ার এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের ‘নতুন যুদ্ধ’ শুরু হয়েছে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (৯ মে ২০২৬) সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে তৃণমূল নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর মাঠ পর্যায়ের নেতাদের নিয়ে এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।

রুদ্ধদ্বার এই সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, “একটি যুদ্ধের অবসান হয়েছে, কিন্তু সামনে আরও বড় লড়াই। ৫২ শতাংশ ভোটার আমাদের ইশতেহারের ওপর আস্থা রেখেছেন। এখন সেই আস্থা রক্ষা ও প্রতিটি প্রতিশ্রুতি পূরণের জন্য তৃণমূলের নেতাকর্মীদের সরকারকে সহযোগিতা করতে হবে।”

তিনি আরও যোগ করেন, “আমরা এমন এক রাজনৈতিক সংস্কৃতি গড়তে চাই যেখানে বিতর্ক ও আলোচনা থাকবে, কিন্তু নিপীড়ন বা গুম-খুনের কোনো স্থান থাকবে না।”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল তাঁর সূচনা বক্তব্যে দলীয় নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন

সারাদিনব্যাপী চলা এই সভায় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলসহ দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন। দলীয় সূত্র জানায়, সভায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, সরকারের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির বিষয়ে বিশদ আলোচনা চলছে।

সকাল থেকেই কেআইবি চত্বরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ফার্মগেট এলাকা। নেতাকর্মীদের মধ্যে এক ধরণের উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।