জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে ফসলি জমির মাঠ থেকে হাত-পা বাঁধা এবং মাটি চাপা দেওয়া অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের নওজোর গ্রামের নিশ্চিন্তা ফসলি মাঠের ধানকাটা জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ও গেঞ্জি রয়েছে। থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার ওই মাঠের দুলু চেয়ারম্যানের জমির বোরো ধানখেত কাটা হয়। মঙ্গলবার সকালে লোকজন অন্য ধানখেতে যাওয়ার সময় দুর্গন্ধ অনুভব করেন। তারা ধানখেতে আলগা মাটি দেখে কাছে গিয়ে মানুষের হাত দেখতে পায়। এরপর ৯৯৯ কল করে আক্কেলপুর থানা পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ গিয়ে মাটি সরিয়ে হাত-পা বাঁধা লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার বয়স আনুমানিক বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে বলে পুলিশের ধারণা তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
পুলিশ আরো ধরণা করছে লাশটি ২/৩ দিন আগে তাকে হত্যা করে মাটিতে পুতে রাখা হয়েছে। নওজোর গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, ‘আমাদের গ্রামের ধানের মাঠ থেকে মাটিচাপা দেওয়া অর্ধগলিত যে লাশ উদ্ধার করেছে পুলিশ তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দ্রুত লাশের পরিচয় শনাক্ত ও খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
তিলকপুর ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম রেজা বাদশা বলেন, লাশের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, স্থানীয়দের কাছ থেকে হাত-পা বাঁধা মাটিচাপা দেওয়া একব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ২/৩ দিন আগের বলে ধারণা করা হচ্ছে। লাশের পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চলছে বল জানান তিনি।

