সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসী ব্যবসায়ী নিহত, পরিবারে মাতম

0
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসী ব্যবসায়ী নিহত, পরিবারে মাতম

কুমিল্লা প্রতিনিধিঃ সৌদি আরবে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। গত শুক্রবার (১৬ মে) স্থানীয় সময় সন্ধ্যায় জেদ্দা-রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসুদাই গ্রামের মৃত খলিলুর রহমান সওদাগরের ছেলে নুরে আলম (৪২) এবং চৌদ্দগ্রাম উপজেলা সদরের বাসিন্দা ইদ্রিস মিয়া (৪৩)। তারা দুজনে সৌদি আরবের রিয়াদে যৌথভাবে ব্যবসা করতেন বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ব্যবসায়িক প্রয়োজনে নুরে আলম ও ইদ্রিস মিয়া জেদ্দায় গিয়েছিলেন। সেখান থেকে দোকানের মালামাল কিনে একটি গাড়িযোগে রিয়াদের উদ্দেশে রওনা হন তারা। পথিমধ্যে আফিফ এলাকায় পৌঁছালে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই প্রবাসীর মৃত্যু হয়।

হঠাৎ এমন মর্মান্তিক খবরে নিহতদের নিজ নিজ গ্রামের বাড়িতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ।

নিহত নুরে আলমের স্ত্রী সুমি আক্তার বিলাপ করতে করতে বলেন “আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি চলে গেলেন। আমরা এখন পুরোপুরি দিশাহারা। আমাদের দাবি, সরকার যেন আমার স্বামীর মরদেহটি দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে।”

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রায়হান জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। তবে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে প্রশাসনের সাথে আনুষ্ঠানিক কোনো যোগাযোগ করা হয়নি। পরিবার আবেদন করলেই মরদেহ দেশে আনার জন্য যাবতীয় দাপ্তরিক ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

অন্যদিকে, কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান গভীর শোক প্রকাশ করে বলেন, “সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসীর মৃত্যুর খবর আমরা পেয়েছি। তাদের পরিবারের সদস্যরা যোগাযোগ করলে সরকারি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

প্রবাসীদের মরদেহ যেন দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে দেশে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা যায়, এখন সেই অপেক্ষায় প্রহর গুনছেন নিহতের স্বজনেরা।