বাবার খনন করা খাল ৪৭ বছর পর পুনঃখননে ছেলে; ত্রিশালে কোদাল হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান

0
বাবার খনন করা খাল ৪৭ বছর পর পুনঃখননে ছেলে; ত্রিশালে কোদাল হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান

এনামুল হকঃ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এবার নিজেই কোদাল হাতে মাঠে নামলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহের ত্রিশালে ‘ধরার খাল’ পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকারপ্রধান। দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত এই জনপদে জাতীয় পর্যায়ে কবির ১২৭তম জন্মবার্ষিকী উদ্‌যাপিত হতে যাচ্ছে। কবির জন্মজয়ন্তীর এই আবহে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

আজ দুপুর ২টা ২০ মিনিটে ত্রিশালের বৈলর ইউনিয়নের কানহর এলাকায় এসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকাল ১১টার দিকে রাজধানীর তেজগাঁওস্থ নিজ কার্যালয় থেকে সড়কপথে ময়মনসিংহের উদ্দেশে রওনা হন তিনি।

বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার ছিল দেশব্যাপী ‘খাল কাটা কর্মসূচি’ পুনরুজ্জীবিত করা। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই আজ সরকারপ্রধান নিজে মাটি কেটে ধরার খাল খনন কাজের সূচনা করেন। প্রধানমন্ত্রীর এই প্রতীকী উদ্যোগে অনুপ্রাণিত হয়ে স্থানীয় শত শত সাধারণ মানুষ ও দলীয় কর্মী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কোদাল হাতে খাল খনন কাজে অংশ নেন।

এই পুনঃখনন কার্যক্রমের ফলে স্থানীয় কৃষি খাতের সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার অবসান হবে।

আগামী সোমবার (২৫ মে) সাম্যের কবি, দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। তবে আসন্ন ঈদুল আজহার ছুটির বিষয়টি বিবেচনায় রেখে এবার জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠানসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। নির্ধারিত সময়ের দুদিন আগে, অর্থাৎ আজ শনিবার থেকেই ত্রিশালে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব ও অনুষ্ঠানমালা।

সরকারি সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টায় ত্রিশালের ঐতিহাসিক নজরুল অ্যাকাডেমি মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় নজরুলজয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর ঐতিহ্যবাহী ‘নজরুল মঞ্চে’ সমবেত সুধীজন ও দূর-দূরান্ত থেকে আসা নজরুলভক্তদের উদ্দেশে স্মারক বক্তব্য দেবেন তিনি।

সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মসূচি শেষে আজ বিকেলে স্থানীয় রাজনীতির মাঠ গোছাতে মনোযোগ দেবেন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, বিকেল ৫টায় ত্রিশালের স্থানীয় নজরুল অডিটোরিয়ামে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি। এই বৈঠকে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনা ও আগামী দিনের সাংগঠনিক কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন দলীয় প্রধান।

দিনভর নানা কর্মসূচিতে অংশ নেওয়ার পর আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার উদ্দেশে ত্রিশাল ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।