চকলেটের প্রলোভনে শিশুকে জঙ্গল নিয়ে ধর্ষণচেষ্টা, অটোচালকের সতর্কতায় হাতেনাতে আটক ১

0
চকলেটের প্রলোভনে শিশুকে জঙ্গল নিয়ে ধর্ষণচেষ্টা, অটোচালকের সতর্কতায় হাতেনাতে আটক ১

বাংলাদেশ প্রতিবেদকঃ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চার বছর বয়সী এক কন্যাশিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে জঙ্গল এলাকায় নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। তবে এক অটোচালকের তাৎক্ষণিক সতর্কর্তা ও র‍্যাবের তড়িৎ অভিযানে রক্ষা পেয়েছে শিশুটি। আজ শনিবার দুপুরে এই ঘটনার পর মো. শাহ পরান (২৬) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২৩ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ঝিলমিল আবাসিক এলাকার চন্ডীতলা মন্দিরের পাশ্ববর্তী একটি জঙ্গল এলাকায় এই ঘটনা ঘটে।

আটক শাহ পরান পটুয়াখালী জেলার শেখহাটি এলাকার স্থায়ী বাসিন্দা। বর্তমানে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ি এলাকায় সাহেব আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে শিশুটি তার বাসার সামনে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত শাহ পরান তাকে একা পেয়ে চকলেট দেওয়ার কথা বলে ফুসলিয়ে নির্জন জঙ্গলের দিকে নিয়ে যেতে শুরু করে।

বিষয়টি ওই পথ দিয়ে যাওয়া স্থানীয় এক অটোচালকের নজরে এলে তাঁর মনে সন্দেহ জাগে। তিনি সময় নষ্ট না করে তাৎক্ষণিকভাবে ওই এলাকায় টহলরত র‍্যাব-১০ এর সদস্যদের বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে র‍্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে হানা দিয়ে জঙ্গল থেকে কান্নারত শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে এবং অভিযুক্ত যুবককে অবরুদ্ধ করে ফেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) তাপস কর্মকার জানান, “একটি চার বছরের শিশুকে নির্জন স্থানে ধরে নিয়ে যাওয়া হচ্ছে— এমন খবর পাওয়া মাত্রই আমাদের টহল দল সেখানে অভিযান চালায়। আমরা শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে আটক করেছি।”

তিনি আরও জানান, আটককৃত শাহ পরানকে পরবর্তী আইনি প্রক্রিয়া ও মামলার জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।