বেলুচিস্তানে সেনা বহনকারী ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ: সেনা ও পরিবারসহ নিহত ২৪, আশঙ্কাজনক বহু

0
বেলুচিস্তানে সেনা বহনকারী ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ: সেনা ও পরিবারসহ নিহত ২৪, আশঙ্কাজনক বহু

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অস্থির প্রদেশ বেলুচিস্তানে সামরিক বাহিনীর সদস্যদের বহনকারী একটি চলন্ত ট্রেনের কাছে এক ভয়াবহ ও শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি বড় অংশই সেনাসদস্য এবং তাদের পরিবারের নিরপরাধ সদস্য। এ ঘটনায় আরও বহু মানুষ গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ রোববার (২৪ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কোয়েটার ‘চামান পট্টক’ নামক এলাকায় ট্রেনটি একটি রেল সিগন্যাল অতিক্রম করার জন্য গতি ধীর করতেই এই নাশকতামূলক হামলা চালানো হয়। পূর্বপরিকল্পনা অনুযায়ী একটি বিস্ফোরক বোঝাই গাড়ি চলন্ত ট্রেনের একটি বগিকে লক্ষ্য করে তীব্র গতিতে আঘাত হানে। গাড়িটি আছড়ে পড়ার সাথে সাথেই সেখানে এক বিকট ও কানফাটানো বিস্ফোরণ ঘটে।

আক্রান্ত সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যরা পবিত্র ঈদের ছুটি কাটাতে কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু বাড়ির আঙিনায় পৌঁছানোর আগেই মাঝপথে তারা এই বর্বরোচিত হামলার শিকার হন।

বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, ট্রেনের অন্তত দুটি যাত্রীবাহী বগি রেললাইন থেকে ছিটকে পড়ে ধুমড়ে-মুচড়ে যায় এবং সেগুলোতে তাৎক্ষণিক আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই পুরো রেললাইন ও আশপাশের আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, উদ্ধারকারীরা দুমড়ে-মুচড়ে যাওয়া জ্বলন্ত বগিগুলোর জানালা-দরজা কেটে ভেতর থেকে জীবিত ও রক্তাক্ত মানুষদের বের করে আনছেন। স্ট্রেচারে করে আহত ও দগ্ধদের নিকটবর্তী সামরিক ও বেসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহত অনেকের দেহাংশ বিচ্ছিন্ন ও মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ভয়াবহ এই আত্মঘাতী স্টাইলের হামলার পর পুরো এলাকা অবরুদ্ধ করে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে পাকিস্তানের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) ও সেনাবাহিনী।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন আনুষ্ঠানিকভাবে এই নারকীয় হামলার দায় স্বীকার করেনি। তবে খনিজ ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ কিন্তু অবহেলিত বেলুচিস্তানে দীর্ঘদিন ধরেই ‘বেলুচ লিবারেশন আর্মি’ (বিএলএ) সহ একাধিক উগ্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পাকিস্তান সেনাবাহিনী ও রাষ্ট্রীয় স্থাপনা লক্ষ্য করে এ ধরণের চোরাগোপ্তা হামলা চালিয়ে আসছে। এই হামলার নেপথ্যেও তাদের হাত রয়েছে বলে ধারণা করছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো।