বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা বরখাস্ত, ওএসডি করার নির্দেশ প্রধানমন্ত্রীর

0
বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা বরখাস্ত, ওএসডি করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ প্রতিবেদকঃ পবিত্র ঈদুল আজহার পশুর বর্জ্য দ্রুত অপসারণে অবহেলা এবং সড়কে আগের ময়লা জমে থাকায় ঢাকার দুই সিটি করপোরেশনের শীর্ষ দুই কর্মকর্তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (আনিক) তাৎক্ষণিকভাবে পদচ্যুত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত (ওএসডি) করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তাদের সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেলে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

শাস্তির মুখোমুখি হওয়া দুই কর্মকর্তা হলেন—ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জোন-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপসচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জোন-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নির্ধারিত সময়ে পশুর বর্জ্য নিখোঁজ না হওয়া এবং পুরোনো ময়লা-আবর্জনা যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। নাগরিক সেবা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে এমন চরম গাফিলতির দায়ে তিনি স্পটেই উপস্থিত সংশ্লিষ্ট দুই জোনাল প্রধানের বিরুদ্ধে তাৎক্ষণিক এই শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশনা দেন।

সংশ্লিষ্ট মহল মনে করছে, ঈদের দিনে প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন এবং মাঠপর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়ার মাধ্যমে ঢাকার দুই সিটি করপোরেশনের পুরো বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে একটি কড়া বার্তা দেওয়া হলো। নাগরিক স্বস্তি নিশ্চিতে যেকোনো ধরনের শৈথিল্য বরদাশ করা হবে না—প্রধানমন্ত্রীর এই পদক্ষেপে তা আবারও স্পষ্ট হলো।