চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে কিশোরী ও গৃহবধূর মৃত্যু

0
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে কিশোরী ও গৃহবধূর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক কিশোরী ও এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রানিবাড়ি চাঁদপুর গ্রামের মো. কাসেম আলীর মেয়ে সাদিয়া খাতুন (১৪) বাড়ির সামনে খড়ি তুলছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, একই সময় উপজেলার চক নরেন্দ্র গ্রামের বাসিন্দা মো. আব্দুর রউফের স্ত্রী মাহমুদা (২০) বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। আকস্মিক বজ্রপাতে তিনিও ঘটনাস্থলেই নিহত হন।

নিহতদের স্বজনরা জানান, বজ্রপাতের পরপরই তারা ঘটনাস্থলেই প্রাণ হারান। বর্তমানে দুইজনের মরদেহ নিজ নিজ বাড়িতে রয়েছে।

শিবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ঘটনাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।