আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতে ইসরায়েলের লাগাতার ও বর্বর বিমান হামলার জেরে মধ্যপ্রাচ্যে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের দামামা বাজছে। ইসরায়েলের এই আগ্রাসন অবিলম্বে বন্ধ না হলে সরাসরি সামরিক সংঘাতের মাঠে নামার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির প্রভাবশালী পার্লামেন্ট স্পিকার ও ওয়াশিংটনের সাথে চলমান সমঝোতার প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেল আবিবের উসকানিমূলক আচরণ অব্যাহত থাকলে তেহরান কেবল কূটনৈতিক আলোচনা বর্জনই করবে না, বরং শত্রুপক্ষকে মাঠেই জবাব দেবে।
রোববার (৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় গালিবাফ এই কঠোর বার্তা দেন।
ইরানের এই শীর্ষ নীতিনির্ধারক অত্যন্ত কড়া ভাষায় বলেন, “আমরা শুধু আলোচনার পথই বন্ধ করব না, বরং শত্রুর সঙ্গে সরাসরি মুখোমুখি সংজ্ঞাতে জড়াব। তারা (ইসরায়েল ও যুক্তরাষ্ট্র) যুদ্ধবিরতি কিংবা কূটনৈতিক সংলাপের প্রতি বিন্দুমাত্র প্রতিশ্রুতিবদ্ধ নয়।”
তিনি অভিযোগ করেন, লেবাননসংক্রান্ত বিদ্যমান চুক্তি লঙ্ঘন এবং অন্যায়ভাবে সমুদ্র অবরোধ আরোপের মাধ্যমে ইসরায়েল প্রমাণ করেছে যে তারা কেবল ‘শক্তির ভাষা’ বোঝে। তাই তাদের সাথে আলোচনার টেবিলে বসা এখন অর্থহীন।
গালিবাফ তার বক্তব্যে তেল আবিবের পাশাপাশি ওয়াশিংটনকেও তীব্র আক্রমণ করেন। তিনি দাবি করেন, ইসরায়েলের এই আগ্রাসনের পেছনে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য ‘সবুজ সংকেত’ রয়েছে।
ইরানি জনগণের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ এবং লেবাননে আগ্রাসনের ফলে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ও ইসরায়েলি স্বার্থ চরম ঝুঁকির মুখে পড়েছে উল্লেখ করে তিনি বলেন মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং সম্পদ এখন ইরানের কাছে “বৈধ লক্ষ্যবস্তু” হিসেবে গণ্য হবে। যেকোনো সময় এই ঘাঁটিগুলোতে পালটা আঘাত হানা হতে পারে।
মোহাম্মদ বাঘের গালিবাফ একই সাথে যুক্তরাষ্ট্রের সাথে চলমান সমঝোতায় ইরানের প্রধান আলোচক হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে তার এই রণহুঙ্কারকে সাধারণ কোনো রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছেন না আন্তর্জাতিক বিশ্লেষকরা।
বিশেষজ্ঞদের মতে, গালিবাফের এই অনমনীয় অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে লেবানন পরিস্থিতির যদি দ্রুত উন্নতি না হয়, তবে মধ্যপ্রাচ্যে কূটনীতির চ্যাপ্টার এখানেই বন্ধ হয়ে যেতে পারে। আর তা হলে ইরান ও ইসরায়েলের মধ্যকার ছায়া যুদ্ধ (Proxy War) রূপ নিতে পারে সরাসরি এক রক্তক্ষয়ী ও ভয়াবহ আঞ্চলিক মহাযুদ্ধে।

