অর্থনীতি ডেস্কঃ আবাসন খাতে স্থবিরতা কাটাতে এবং দেশের অচল মূলধনকে অর্থনীতির মূলধারায় ফেরাতে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। কোনো প্রকার প্রশ্নের মুখোমুখি হওয়া ছাড়াই নির্দিষ্ট কিছু খাতে অপ্রদর্শিত অর্থ বা ‘কালো টাকা’ সাদা করার ঢালাও সুযোগ দেওয়া হচ্ছে। বিশেষ করে জমি, ফ্ল্যাট বা বিল্ডিং কেনাবেচায় দলিলে প্রদর্শিত মূল্যের চেয়ে প্রকৃত বাজারমূল্য বেশি হলে, নির্দিষ্ট হারে কর দিয়ে সেই বাড়তি অর্থ সম্পূর্ণ বৈধ করা যাবে। ধনী-দরিদ্র নির্বিশেষে সব শ্রেণির করদাতার জন্যই থাকছে এই অবারিত সুযোগ।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদের স্পিকার ড. হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠেয় অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের ঐতিহাসিক বাজেট প্রস্তাবে এই ঘোষণা দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম বাজেট উপস্থাপন। এই বিশেষ সুবিধা নিশ্চিত করতে এবারের অর্থবিলে সম্পূর্ণ নতুন একটি ধারা সংযুক্ত করা হচ্ছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন ধারাটি পাস হলে কোনো করদাতা যদি জমি, ভবন বা অ্যাপার্টমেন্ট কেনাবেচায় প্রকৃত মূল্যের চেয়ে দলিলে কম মূল্য দেখিয়ে থাকেন, তবে তিনি স্বেচ্ছায় সেই অপ্রদর্শিত অর্থের ওপর ব্যক্তি শ্রেণির জন্য প্রযোজ্য নিয়মিত করহারে আয়কর দিয়ে তা বৈধ করতে পারবেন।
দেশের প্রচলিত অন্য কোনো আইনে যাই থাকুক না কেন, কোনো ব্যক্তি স্বপ্রণোদিত হয়ে এই কর পরিশোধ করলে আয়কর বিভাগ বা সরকারের অন্য কোনো সংস্থা ওই অর্থের উৎস নিয়ে কোনো প্রকার প্রশ্ন তুলতে পারবে না।
যারা ইতোমধ্যে জমি বা ফ্ল্যাটের মূল্য ফাঁকি দেওয়ার অভিযোগে আইনি বা বিভাগীয় নোটিশের মুখোমুখি হয়েছেন, তাদের জন্যও থাকছে সুযোগ। তবে সে ক্ষেত্রে গুনতে হবে বাড়তি জরিমানা:
যদি অর্থ আইনের অধীনে কোনো ব্যক্তির বিরুদ্ধে ইতোমধ্যে কোনো কার্যক্রম বা তদন্ত শুরু হয়ে থাকে, তবে তাকে অতিরিক্ত ক্রয় বা বিক্রয়মূল্যের ওপর প্রযোজ্য নিয়মিত করের পাশাপাশি আরও ২০ শতাংশ অতিরিক্ত কর (জরিমানা) পরিশোধ করতে হবে। তবে এই সুবিধা সবার জন্য নয়। আবাসন সংক্রান্ত জালিয়াতি বা অর্থ আত্মসাতের দায়ে আদালতে আগে থেকেই দোষী প্রমাণিত হওয়া কোনো ব্যক্তি এই সাধারণ ক্ষমার আওতায় আসবেন না।
সরকারের এই সাহসী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন আবাসন খাতের ব্যবসায়ী ও আবাসন শিল্প খাতের শীর্ষ সংগঠনগুলোর নেতারা। তাদের মতে দীর্ঘদিন ধরে আবাসন খাতে যে স্থবিরতা চলছিল, এই সিদ্ধান্তের ফলে সেখানে হাজার হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ আসবে। দেশে অর্থ বৈধ করার সহজ সুযোগ থাকলে বিদেশে টাকা পাচারের প্রবণতা অনেকাংশে কমে আসবে। অপ্রদর্শিত অর্থ মূলধারায় আসায় সরকারের রাজস্ব আদায় এক লাফে অনেকটা বেড়ে যাবে।
অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, নীতিগতভাবে কালো টাকাকে সুযোগ দেওয়া নিয়ে বিতর্ক থাকলেও, বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতিতে বেসরকারি বিনিয়োগ চাঙ্গা করতে এই ‘ট্যাক্স অ্যামনেস্টি’ বা কর মওকুফ সুবিধা আবাসন খাত তথা পুরো অর্থনীতির জন্য একটি বড় বুস্টার ডোজ হিসেবে কাজ করবে।

