ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাজী শামসুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে এক রাজনৈতিক নেতার বান্ধবীকে নিয়ে প্রবেশ করাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে বিদ্যালয় প্রাঙ্গণ। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হামলা, ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কেন্দ্রের প্রধান শিক্ষক গুরুতর আহত হয়েছেন। এই তুলকালাম কাণ্ডের জেরে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর শুরু করা সম্ভব হয়েছে এসএসসির ব্যবহারিক পরীক্ষা।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে পৌর এলাকার এই পরীক্ষা কেন্দ্রে ঘটনাটি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ওই নেতা ও তার বান্ধবীকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় এনসিপি নেতা আশরাফ হোসেন তার এক বান্ধবীকে (যিনি একজন পরীক্ষার্থী) নিয়ে সরাসরি কাজী শামসুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। একজন রাজনৈতিক নেতা এভাবে কেন্দ্রে প্রবেশ করায় উপস্থিত সাধারণ ছাত্রদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এ সময় কিছু ছাত্র তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া, নেতা রাগ করলেন’ বলে জোর গলায় স্লোগান ও চিৎকার করতে থাকে। এতে ক্ষিপ্ত হয়ে ওই নেতা সাজিদ, ইয়াসিন মোল্লা এবং জিহাদ নামের কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
বাগবিতণ্ডার একপর্যায়ে সাধারণ পরীক্ষার্থীরা এক জোট হয়ে ওই নেতার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে এবং গোটা বিদ্যালয় জুড়ে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাটি মুহূর্তের মধ্যে বাইরে ছড়িয়ে পড়লে স্থানীয় বহিরাগত যুবকরাও এসে ছাত্রদের আন্দোলনের সঙ্গে যোগ দেয়। উত্তেজিত জনতা ও শিক্ষার্থীরা ওই নেতা ও তার বান্ধবীকে বিদ্যালয়ের একটি কক্ষে অবরুদ্ধ করে ফেলে এবং তাকে কেন্দ্র থেকে বের করার দাবিতে স্লোগান দিতে থাকে।
একপর্যায়ে উত্তেজনা চরম আকার ধারণ করলে অবরুদ্ধ আশরাফের ওপর হামলার চেষ্টা চালানো হয়। পরিস্থিতি সামাল দিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার দত্ত এগিয়ে গেলে বিক্ষুব্ধরা তাকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে তিনি মাথায় ও শরীরে ইটের আঘাত পেয়ে গুরুতর আহত হন।
পরীক্ষা কেন্দ্রের ভেতরে এই আকস্মিক হাঙ্গামা এবং ভাঙচুরের ঘটনায় পরীক্ষা দিতে আসা ছাত্রীদের মধ্যে চরম ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দিকবিদিক ছুটোছুটি শুরু করে।
খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা থানা পুলিশের একটি বড় দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা অবরুদ্ধ এনসিপি নেতা আশরাফ হোসেনকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার দত্ত বলেন “নেতা আশরাফ হোসেন একজন পরীক্ষার্থীকে নিয়ে কেন্দ্রে প্রবেশ করার পর কিছু পরীক্ষার্থী উত্তেজিত হয়ে স্লোগান দিতে থাকে। আমি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে আমাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়, এতে আমি আহত হই। পরে পুলিশ এসে উনাকে হেফাজতে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।”
ভাঙ্গা থানার এসআই মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান “পরীক্ষা কেন্দ্রে এক নেতাকে অবরুদ্ধ করে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা পরীক্ষা বন্ধ করে দিয়েছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই নেতাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এর পর বেলা সাড়ে ১১টায় সকাল ১০টার নির্ধারিত ব্যবহারিক পরীক্ষাটি পুনরায় শুরু করা সম্ভব হয়।”
বর্তমানে পরীক্ষা কেন্দ্র ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।

