রাজশাহী প্রতিনিধি : তীব্র গরমে জনসাধারণের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে নগরীর রেলগেট এলাকায় স্থাপিত অস্থায়ী বিশ্রামকেন্দ্র পরিদর্শন এবং পথচারী, ট্রাফিক পুলিশ ও রিকশাচালকদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় রাজশাহী নগরীর রেলগেট মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাতা বিতরণ করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান রিটন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাজু, ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু, রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, ইউনিট লেভেল অফিসার মির্জা শামিম আহসান, রেড ক্রিসেন্ট সোসাইটির সিনিয়র টেকনিক্যাল অফিসার আসমা আক্তার, জার্মান রেড ক্রসের প্রজেক্ট অফিসার তানিয়া আক্তার, প্রজেক্ট অফিসার আবু মোঃ জুবায়েরসহ অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, চলমান তাপপ্রবাহে সাধারণ মানুষের কষ্ট লাঘবে রেড ক্রিসেন্ট সোসাইটি বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে খোলা আকাশের নিচে কর্মরত শ্রমজীবী মানুষ, রিকশাচালক ও ট্রাফিক পুলিশদের সুরক্ষায় ছাতা বিতরণ এবং বিশ্রামকেন্দ্র স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, তীব্র গরমে পথচারীদের সাময়িক স্বস্তি দিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিট নগরীর রেলগেট, সাহেববাজার জিরো পয়েন্ট এবং লক্ষ্মীপুর মোড়ে অস্থায়ী বিশ্রামকেন্দ্র চালু করেছে। এসব কেন্দ্রে পথচারীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিশুদ্ধ খাবার পানি, হাতপাখা ও ছাতা বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে।
রেড ক্রিসেন্টের এ মানবিক উদ্যোগ নগরবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

