শ্রীপুরে ময়লার ভাগাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

0
শ্রীপুরে ময়লার ভাগাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সুমন গাজী: গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশের একটি ময়লার ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের রঙ্গিলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন তালহা স্পিনিং মিলের পাশে ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অজ্ঞাত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর। তাঁর পরনে সাদা টি-শার্ট ও প্যান্ট ছিল। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের কাজও চলমান রয়েছে।

ওসি আরও জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হতে পারে। তবে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহ সেখানে ফেলে গেছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের ভাষ্য, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।