বাগমারায় সাপের কামড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

0
বাগমারায় সাপের কামড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের পলাশী গ্রামের বাসিন্দা এনজিও কর্মকর্তা মতিউর রহমানের মেয়ে ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তৈয়বা সাপের কামড়ে মারা গেছে। শুক্রবার (১২ জুন) সকাল ৯টায় নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, চাকরির কারণে মতিউর রহমান পরিবারসহ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বসবাস করতেন। সেখানে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত তৈয়বা। বৃহস্পতিবার বিকেলে প্রতিদিনের মতো সে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়ানোর কক্ষে অন্য শিক্ষার্থীরাও উপস্থিত ছিল।

এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। তবে ঘটনাস্থলে উপস্থিত কেউ সাপটিকে দেখতে পায়নি বলে জানা গেছে। সাপের কামড়ের পরপরই অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে একপর্যায়ে সে মারা যায়। কর্তব্যরত চিকিৎসকরা ধারণা করেন, বিষধর সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে।

নিহত শিশুর বাবা মতিউর রহমান বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, বিষধর কোনো সাপ আমার মেয়েকে কামড়েছিল। আমরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত তাকে হারাতে হলো।

শিশু তৈয়বার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে স্থানীয়দের মাঝেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।