কক্সবাজারে তারেক রহমান: ‘৪১ লাখ ফ্যামিলি-কৃষি কার্ড দেবে সরকার, চকরিয়া মহাসড়ক হবে ৬ লেন’

0
কক্সবাজারে তারেক রহমান: '৪১ লাখ ফ্যামিলি-কৃষি কার্ড দেবে সরকার, চকরিয়া মহাসড়ক হবে ৬ লেন'

চট্টগ্রাম ব্যুরোঃ অর্থনৈতিক রূপান্তর ও প্রান্তিক মানুষের ভাগ্যবদলের একগুচ্ছ মেগা প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় চকরিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এক বিশাল জনসভায় তিনি ঘোষণা করেন, দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত চার থেকে ছয় লেনে উন্নীত করা হবে। একই সাথে কৃষক ও লবণচাষিদের পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

তারেক রহমান দেশের লাখো কোটি মা-বোন ও কৃষকদের স্বাবলম্বী করার লক্ষ্যে বড় ঘোষণা দেন। তিনি বলেন, আগামী এক বছরে সারাদেশে পর্যায়ক্রমে ৪০ লাখ ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ করবে সরকার। নতুন বাজেটে এই কার্ডগুলোর জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

কক্সবাজারকে বিএনপির অভেদ্য ঘাঁটি উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশের চিকিৎসা খাতকে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার ঘোষণা দেন। এবারের বাজেটে বেশ কিছু জটিল ও জরুরি চিকিৎসাসামগ্রীর ট্যাক্স কমানো বা পুরোপুরি মওকুফ করা হয়েছে কিডনি ডায়ালাইসিস সরঞ্জাম, হার্টের চিকিৎসা ও বাইপাস সার্জারির সামগ্রী, চোখের ছানি অপারেশনের চিকিৎসাসামগ্রী

সদ্য ঘোষিত বাজেটকে ‘গণমুখী’ দাবি করে প্রধানমন্ত্রী বিরোধী দলের আন্দোলনের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বাজেট ঘোষণার পর বাজারে নতুন করে কোনো জিনিসের দাম বাড়েনি। যারা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভাবেন, তারা সবাই এই বাজেটকে স্বাগত জানিয়েছেন।

বিরোধীদের নিশানা করে তিনি বলেন “যারা ’৭১ থেকে শুরু করে ’৮৬, ’৯৬ ও ২০০৮ সালে দেশের জনগণকে বিভ্রান্ত করেছিল, তারাই আজ এই গণমুখী বাজেটের বিরুদ্ধে রাজপথে নাটক করছে। এরা জনগণের রাজনীতি করে না, মিথ্যা টিকিট বিক্রি করে ভোট ডাকাতির ধান্দা করে।”

মদ ও সিগারেটের ওপর কর বাড়ানোতেই বিরোধী দল ক্ষুব্ধ হয়েছে কিনা—জনসভায় এমন খোঁচাও দেন প্রধানমন্ত্রী।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহাসমাবেশে আরও বক্তব্য রাখেন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। জনসভায় চকরিয়াসহ পুরো কক্সবাজারের সর্বস্তরের মানুষের ঢল নামে।