রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদকবিরোধী অভিযানে ২ ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ জুন) রাতে উপজেলার পারইল গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল হাসান। আদালত সূত্রে জানা যায়, পারইল গ্রামে মাদক সেবনের গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা সেবনের অপরাধে দুই যুবককে আটক করা হয়। আটককৃতরা হলেন— উপজেলার পারইল গ্রামের বাবলু চন্দ্র দাসের ছেলে সৌরভ (২০) এবং একই গ্রামের মোস্তফা কামালের ছেলে নাজমুল (২৪)। পরবর্তীতে আটককৃত দুই মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল হাসান। পরে দণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
এই বিষয়ে রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান জানান, মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মাদকের হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

