আদিতমারীতে ভুট্টাক্ষেতে ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ: ক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর, ওসি ক্লোজড

0
আদিতমারীতে ভুট্টাক্ষেতে ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ: ক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর, ওসি ক্লোজড

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিখোঁজের পরদিন নন্দিনী (৭) নামে এক কন্যা শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায়। অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ, জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) গাড়ি ভাঙচুর এবং পুলিশের সঙ্গে স্থানীয় জনতার দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ সময় পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

এদিকে, নিখোঁজের পর পরিবারের অভিযোগ নিতে অস্বীকৃতি জানানোর দায়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হককে তাৎক্ষণিকভাবে ক্লোজড করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামের নলিনী কান্তের মেয়ে নন্দিনী সোমবার (১৫ জুন) দুপুর থেকে হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা দিনভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

মঙ্গলবার (১৬ জুন) সকালে নন্দিনীর বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে নরম মাটি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে সেখানে খোঁড়াখুঁড়ি করতেই বেরিয়ে আসে নন্দিনীর বস্তাবন্দি নিথর দেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত শিশুর বাবার অভিযোগ, সোমবার রাতে আদিতমারী থানায় নিখোঁজের লিখিত অভিযোগ দিতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি। উল্টো তাদের নিজেদের উদ্যোগে খোঁজাখুঁজি করার পরামর্শ দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। এই গাফিলতির অভিযোগে পরবর্তীতে আদিতমারী থানার ওসি নাজমুল হককে ক্লোজড করা হয়।

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ প্রতিবেশী রঞ্জিত চন্দ্রের ছেলে বিধান চন্দ্রকে (২৩) আটক করলে জনতা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।

অগ্নিসংযোগ করে এতে কয়েকটি বসতঘর ও মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের সময় পরিবারের সদস্যরা ভেতরেই আটকা পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও জনতা অভিযুক্তের বাড়ি ঘেরাও করে রাখে। একপর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) গাড়িসহ পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পেশাগত দায়িত্ব পালনকালে স্থানীয় সাংবাদিকদের ছবি ও ভিডিও ধারণে বাধা দেয় উত্তেজিত জনতা।

ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে অবশেষে পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। এরপর আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িটিতে অবরুদ্ধ হয়ে থাকা লোকজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশ ও সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ও গোয়েন্দা দল কাজ করছে। প্রধান সন্দেহভাজন বিধান চন্দ্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অবরুদ্ধ নিরপরাধ মানুষকে উদ্ধার করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে বাধ্য হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এই সহিংসতার সাথে জড়িতদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”