শ্বশুরবাড়ির স্বর্ণালংকার ও নগদ অর্থ আত্মসাতের অভিযোগে পুত্রবধূর বিরুদ্ধে মামলা

0
শ্বশুরবাড়ির স্বর্ণালংকার ও নগদ অর্থ আত্মসাতের অভিযোগে পুত্রবধূর বিরুদ্ধে মামলা

কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার মাগুরাডাঙ্গা (মানিকতলা) গ্রামে শ্বশুরবাড়ির স্বর্ণালংকার ও নগদ অর্থ অনুমতি ছাড়া বাপের বাড়িতে নিয়ে গিয়ে আত্মসাতের অভিযোগে মরিয়াম খাতুন (২২) নামে এক গৃহবধূর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় গৃহবধূর শাশুড়ি মোছা. রিনা বেগম (৪৩) বাদী হয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কেশবপুর আমলী আদালতে দণ্ডবিধির ৩৭৯/৩৮০/৫০৬(২) ধারায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে আরু হুরাইরা (২৫) ইসলামী শরীয়ত মোতাবেক মরিয়াম খাতুনকে বিয়ে করেন। তাদের সংসারে হুমাইরা খাতুন নামে এক বছর বয়সী কন্যাসন্তান রয়েছে। অভিযোগে বলা হয়েছে, বিয়ের পর থেকে মরিয়াম খাতুন পরিবারের ইচ্ছার বাইরে চলাফেরা করতেন এবং প্রায়ই বাবার বাড়িসহ বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে যাতায়াত করতেন।

বাদীপক্ষের দাবি, গত ১৬ জুন সকাল আনুমানিক ১০টার দিকে মরিয়াম খাতুন কেশবপুর উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের শ্বশুরবাড়ি থেকে দুটি স্বর্ণের চেইন, দুই জোড়া স্বর্ণের রুলি, চার জোড়া স্বর্ণের কানের দুল, চারটি স্বর্ণের আংটি, গরু ও ধান বিক্রির নগদ দুই লাখ টাকা এবং ব্যবহৃত মালামাল নিয়ে তার বাবার বাড়িতে চলে যান। এ সময় তিনি তার এক বছর বয়সী কন্যা সন্তানকেও সঙ্গে নিয়ে যান।

অভিযোগে আরও বলা হয়েছে, পরবর্তীতে স্বামী আরু হুরাইরা ও পরিবারের সদস্যরা বিভিন্ন মাধ্যমে তাকে ফিরে আসার অনুরোধ জানালেও তিনি আর শ্বশুরবাড়িতে ফিরে আসবেন না এবং স্বামীর সঙ্গে সংসার করবেন না বলে জানিয়ে দেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোসলেম মোড়ল, শিলা দাস, পদ্মা দাস, লিটন মোড়ল, ইয়াসিন মোড়ল ও রেহেনা বেগমসহ একাধিক ব্যক্তি ঘটনার বিষয়ে অবগত রয়েছেন বলে বাদীপক্ষ দাবি করেছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মরিয়াম খাতুনের বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।