কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ৫ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাসহ নিহত ৬, কানাইঘাটে শোকের মাতম

0
কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ৫ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাসহ নিহত ৬, কানাইঘাটে শোকের মাতম

আন্তর্জাতিক ডেস্কঃ মরুভূমির দেশে জীবিকার তাগিদে গিয়ে লাশ হয়ে ফিরছেন বাংলার পাঁচ রেমিট্যান্স যোদ্ধা। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক ভয়াবহ ও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহত পাঁচ বাংলাদেশির সবার বাড়িই সিলেট জেলার কানাইঘাট উপজেলায়। স্থানীয় সময় আজ রোববার (২১ জুন) ভোরে কাতারের আল শাহানিয়া এলাকার একটি মহাসড়কে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি একজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে।

নিহত ৫ বাংলাদেশিই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা এবং তারা সবাই একই এলাকার হওয়ায় পুরো উপজেলাজুড়ে এখন শোকের ছায়া। নিহতরা হলেন জসিম উদ্দিন (গাছবাড়ি গ্রাম, কানাইঘাট), জিবাল উদ্দিন (গাছবাড়ি গ্রাম, কানাইঘাট), মস্তাক আহমদ (গাছবাড়ি গ্রাম, কানাইঘাট), জুবায়ের আহমদ (গাছবাড়ি গ্রাম, কানাইঘাট), কাদের আহমদ (গাছবাড়ি গ্রাম, কানাইঘাট)

পারিবারিক ও কাতার প্রবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ রোববার ভোরে একটি পিকআপ ভ্যানে করে নিজেদের কর্মস্থলে যাচ্ছিলেন এই প্রবাসীরা। পথে আল শাহানিয়া এলাকার মহাসড়কে চলন্ত অবস্থায় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে ধমড়ে-মুচড়ে যায়। গতি বেশি থাকায় ঘটনাস্থলেই গাড়িতে থাকা ৫ বাংলাদেশি ও ১ ভারতীয় নাগরিকসহ মোট ৬ আরোহীর মৃত্যু হয়।

গাড়িটি ঠিক কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাতার স্থানীয় ট্রাফিক পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসনের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করে কাতারস্থ একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

“প্রতিদিনের মতোই তারা ভোরে কাজের উদ্দেশ্যে বের হয়েছিল। কিন্তু এক নিমিষেই যে সব শেষ হয়ে যাবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। আমরা আমাদের ভাইদের হারিয়ে স্তব্ধ।” — কাতারে কর্মরত এক প্রবাসী বাংলাদেশি

এদিকে, পরিবারের ভাগ্য বদলাতে সুদূর কাতারে পাড়ি জমানো এই তরুণ ও যুবকদের আকস্মিক মৃত্যুর খবর দেশে পৌঁছালে কানাইঘাটের গাছবাড়ি গ্রামে কান্নার রোল পড়ে। স্বজনদের আহাজারি আর আর্তনাদে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস। উপার্জনক্ষম স্বজনদের হারিয়ে পরিবারগুলো এখন দিশেহারা। কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে দেশে থাকা ভুক্তভোগী পরিবারগুলোকে আনুষ্ঠানিকভাবে এই দুঃসংবাদ জানানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা দ্রুত দুর্ঘটনাস্থল ও স্থানীয় হাসপাতালের মর্গে ছুটে যান। তারা সেখানে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় আইনি সহায়তার উদ্যোগ নেন।

এ বিষয়ে ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতার’-এর সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান “বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আমরা সার্বক্ষণিক সমন্বয় ও যোগাযোগ রক্ষা করছি। নিহত পাঁচ প্রবাসীর মরদেহ যত দ্রুত সম্ভব স্বজনদের কাছে পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও দাপ্তরিক কাগজপত্র সম্পন্ন করার কাজ চলছে। কাতার প্রশাসনের পক্ষ থেকেও আমাদের সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে।”

দূতাবাস কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, কাতার প্রশাসনের সঙ্গে সব ধরনের আনুষ্ঠানিকতা দ্রুত শেষ করে অগ্রাধিকার ভিত্তিতে এই রেমিট্যান্স যোদ্ধাদের মরদেহ বাংলাদেশে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।