মাসুদ রানা রাব্বানী: এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)।
সোমবার (১০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের সুস্বাস্থ্য, সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা) বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় সাফল্য অর্জন শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ অর্জনের পেছনে রয়েছে তাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাস। একই সঙ্গে অভিভাবক ও শিক্ষকদের নিরলস সহযোগিতা ও ত্যাগও এ সাফল্যের অন্যতম ভিত্তি। এজন্য আমি সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানাই।
তিনি বলেন, এই অর্জনকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে আরও মনোযোগী হতে হবে। জ্ঞান, মেধা, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা ও প্রতিভা কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ, সুন্দর ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারা শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, একটি পরীক্ষার ফলাফল কখনোই জীবনের চূড়ান্ত সাফল্য বা ব্যর্থতার নির্ধারক নয়। আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন সম্ভব। তাই হতাশ না হয়ে নতুন উদ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে।
বার্তার শেষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীর সুস্বাস্থ্য, সুন্দর, সফল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, আগামী দিনে শিক্ষার্থীরা দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#

