নতুন দিগন্তের সূচনা: লাল গালিচা সংবর্ধনায় মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

0
নতুন দিগন্তের সূচনা: লাল গালিচা সংবর্ধনায় মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিনী ডা. জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ভিভিআইপি ফ্লাইটটি কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরের ‘বুঙ্গা রায়া কমপ্লেক্স’-এ অবতরণ করে।

মালয়েশিয়ায় পৌঁছানোর পর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অব অনারের সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়।

ভিভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তাঁর সহধর্মিনী। এ সময় ছোট্ট শিশু মাইসা নুর আইশা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

অভ্যর্থনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী এবং ডেপুটি হাইকমিশনার মিস সাহানারা মনিকা। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে কুয়ালালামপুরের ‘শাংগ্রি লা’ হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা এই হোটেলেই অবস্থান করবেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত দীর্ঘ ৫০ মিনিটের সড়ক পথ বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকায় সাজানো হয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান সরকার গঠনের পরপরই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁকে সফরের আমন্ত্রণ জানান। দক্ষিণ এশিয়ায় চীন ও ভারতের পর মালয়েশিয়ার সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী দেশ বাংলাদেশ। তবে দ্বিপক্ষীয় বাণিজ্যের ভারসাম্য মালয়েশিয়ার দিকেই ঝুঁকে আছে। এই ভারসাম্য রক্ষা এবং সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই এই সফরের মূল লক্ষ্য।

সোমবার সকালে পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানাবেন আনোয়ার ইব্রাহিম। এরপর দুই নেতার মধ্যে প্রথমে একান্ত বৈঠক এবং পরে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ৮ লাখের বেশি বাংলাদেশি কর্মী রয়েছেন। এই বিশাল শ্রমবাজারের আরও সম্প্রসারণ এবং প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধান এবারের সফরের প্রধান অগ্রাধিকার। দুই দেশের বাণিজ্য ব্যবধান কমাতে একটি মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA স্বাক্ষরের লক্ষ্যে আলোচনার রূপরেখা (Terms of Reference) বিনিময় হতে পারে। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গার নিরাপদ প্রত্যাবাসনে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ‘আসিয়ান’ (ASEAN)-এর মাধ্যমে মালয়েশিয়ার জোরালো কূটনৈতিক সমর্থন চাইবে বাংলাদেশ। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে পর্যটন ও সংস্কৃতির পাশাপাশি সংস্কৃতি বিষয়ক সহযোগিতা নিয়ে দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই প্রথম বিদেশ সফরে সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন এক শক্তিশালী প্রতিনিধি দল। এতে অন্তর্ভুক্ত আছেন,খলিলুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী,আরিফুল হক চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী, হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, মাহাদী আমিন, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা, একেএম শামসুল ইসলাম, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা

এছাড়াও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই সফরে যুক্ত রয়েছেন। মালয়েশিয়ার এই দুই দিনের সংক্ষিপ্ত সফর শেষে ২৩ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।