বাংলাদেশ প্রতিবেদকঃ জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) থেকে শুরু করে একেবারে সাধারণ কর্মচারী—কেউই বাদ যাননি বিরোধীদলীয় নেতার আন্তরিকতা থেকে। সোমবার (২২ জুন) জাতীয় সংসদের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ১০ কেজি করে প্রিমিয়াম কোয়ালিটির সুস্বাদু আম উপহার দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।
সোমবার সকাল থেকেই এই বিশেষ ‘সারপ্রাইজ’ উপহারকে ঘিরে গোটা সংসদ সচিবালয়ে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
সাধারণত ভিআইপিদের উপহার আদান-প্রদানের সংস্কৃতি রাজনৈতিক অঙ্গনে চেনা রূপ হলেও, এবার ড. শফিকুর রহমানের এই উদ্যোগে ছিল ভিন্ন এক মানবিক ছোঁয়া। বিরোধীদলীয় নেতার কার্যালয়ের প্রতিনিধিরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সংসদের প্রতিটি দপ্তরে গিয়ে এই সুদৃশ্য আমের প্যাকেট পৌঁছে দেন। উপহারের এই তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ও মন্ত্রী। সরকারি ও বিরোধী দলের সকল সংসদ সদস্য (এমপি)। সংসদ সচিবালয়ের প্রথম শ্রেণি থেকে শুরু করে সব স্তরের কর্মকর্তা। ঝাড়ুদার, পিয়ন, লিফটম্যান, গাড়িচালক ও অফিস সহায়কসহ সকল চতুর্থ শ্রেণির কর্মচারী।
উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি নিম্নপদস্থ কর্মচারীদেরও সমানভাবে মূল্যায়ন করায় সংসদ সচিবালয়ে বইছে প্রশংসার জোয়ার। উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে এক অফিস সহায়ক বলেন, “আমরা ছোট চাকরি করি। বড়দের উপহার সাধারণত আমরা দূর থেকেই দেখি, আমাদের ভাগ্য জোটে না। আজ আমাদের জন্যও আম এসেছে, ড. শফিকুর রহমান আমাদের মনে রেখেছেন—এটি আমাদের জন্য অনেক বড় সম্মানের।”
সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ড. শফিকুর রহমানকে বিভিন্ন সময় ভিন্নধর্মী ও মানবিক নানা উদ্যোগ নিতে দেখা গেছে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সংসদের সবাইকে এবং বিশেষ করে শ্রমজীবী কর্মচারীদের এই উপহার দেওয়ার বিষয়টিকে তারা একটি চমৎকার সৌজন্য, সামাজিক সংযোগ এবং সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

