সিলেট ব্যুরো: অবশেষে কাটতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজারের দীর্ঘদিনের অচলাবস্থা। সব ঠিক থাকলে আগামী জুলাই মাসেই মিলবে কাঙ্ক্ষিত সুখবর। মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরে এই মেগা নিউজ দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে দেশের বিমানবন্দরগুলোতে প্রবাসীদের ভিআইপি সুবিধা দিতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন তিনি।
বুধবার (২৪ জুন) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সেবা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব চমকপ্রদ তথ্য জানান মন্ত্রী।
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরকে ‘শতভাগ সফল’ উল্লেখ করে প্রবাসীকল্যাণ মন্ত্রী জানান, পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতা সফল হয়েছে। এবার মাঠে নামার পালা। তিনি বলেন, “আগামী জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি বাংলাদেশে আসছেন। তাদের এই মেগা সফরের পরপরই ঝুলে থাকা শ্রমবাজারের জট পুরোপুরি খুলে যাবে এবং দৃশ্যমান অগ্রগতি সবাই দেখতে পাবেন।”
রেমিট্যান্স যোদ্ধাদের ভোগান্তি আর হয়রানির দিন শেষ করতে বিমানবন্দরে একগুচ্ছ আধুনিক ও অভিনব ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছেন মন্ত্রী। এখন থেকে বিমানবন্দরে মিলবে, বয়োজ্যেষ্ঠ, অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন প্রবাসীদের জন্য থাকছে দ্রুত লাগেজ সুবিধা ও স্পেশাল কেয়ার। বিমানবন্দরে পরিবারসহ প্রবাসীদের অপেক্ষার সময়টা আনন্দদায়ক করতে তৈরি হচ্ছে আকর্ষণীয় ‘কিডস জোন’। রাতের ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দর থেকে নিরাপদে বাড়ি পৌঁছাতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। যেকোনো জরুরি স্বাস্থ্যগত সমস্যায় তাৎক্ষণিক সেবা দিতে প্রস্তুত থাকবে ২৪/৭ মেডিকেল টিম।
এভিয়েশন খাতের সংশ্লিষ্টদের কড়া হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখেন, তারা বিমানবন্দরে এসে কোনো ধরনের হয়রানির শিকার হলে কাউকে ছাড় দেওয়া হবে না। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাথে যৌথ সমন্বয়ের মাধ্যমে বিমানবন্দরগুলোকে শতভাগ প্রবাসীবান্ধব করতে আমূল পরিবর্তন আনা হচ্ছে।

